ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ ৩১ আগস্ট ২০২৬ সোমবার অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম তরুণদের দেশের ভবিষ্যৎ নির্মাণের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, সমাজে ভিন্নমতের মানুষের সহাবস্থান নিশ্চিত করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার ভিত্তিতে গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে। তিনি যুবসমাজকে মানবাধিকার ও গণতন্ত্র চর্চায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, প্রচলিত বিজ্ঞান গবেষণাগারের মতো সামাজিক বিজ্ঞান ও গণতন্ত্রের ক্ষেত্রেও গবেষণার মাধ্যমে নতুন ধারণা তৈরি করা প্রয়োজন। সে লক্ষ্যেই অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তরুণদের মানবাধিকার ও গণতন্ত্রসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এটি অত্যন্ত ইতিবাচক। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বৃদ্ধি করার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের ৩৮জন শিক্ষার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন।

৩১/০৮/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়