ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের ভাষা শিক্ষা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বলা ও শোনাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটে আরবী, ফরাসি, জাপানিজ, জার্মান, চীনা ও কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সের নতুন কারিকুলাম প্রণয়ন ও পাঠদান পদ্ধতি নির্ধারণ করা হবে। শিগগিরই এসংক্রান্ত কর্মসূচি চূড়ান্ত করা হবে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ‘শিক্ষাক্রমে তৃতীয় ভাষা অন্তর্ভুক্তি’ শীর্ষক এক সেমিনারে এব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে তৃতীয় ভাষা শিক্ষা প্রদানের জন্য দেশে পর্যাপ্ত দক্ষ জনবল তৈরির উপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদেদ্দী আলফেছানী বক্তব্য রাখেন। তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও গতিশীল করার বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলাম ধারণাপত্র উপস্থাপন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে আগ্রহী বাংলাদেশের বিভিন্ন শ্রেণি ও বয়সী লোকদের দ্রুততম সময়ের মধ্যে তৃতীয় ভাষায় দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে কার্যকর কোর্স ডিজাইন ও কারিকুলাম প্রণয়ন করতে হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়ন ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বাংলা ও ইংরেজি ভাষার পাশাপাশি একটি তৃতীয় ভাষা শিক্ষা প্রদান বিষয়ে আধুনিক ভাষা ইনস্টিটিউটের সক্ষমতা যাচাই ও এ সংক্রান্ত সুপারিশ প্রদানের লক্ষ্যে অধ্যাপক ড. আ ক ম ওয়ালিউল ইসলামকে আহ্বায়ক করে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এই কমিটি গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম-এর কাছে এসংক্রান্ত ধারণাপত্র হস্তান্তর করে। আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ সোমবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সেমিনারে এই ধারণাপত্র পর্যালোচনা করা হয় এবং কর্ম-পরিকল্পনা নির্ধারণ করা হয়। ধারণাপত্রে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে তৃতীয় ভাষায় দক্ষ ও মানসম্মত শিক্ষক নিয়োগ, বিদেশে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আয় ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে সুপারিশমালা প্রদান করা হয়েছে। এতে আধুনিক ভাষা ইনস্টিটিউটে বিদেশে চাকুরি প্রত্যাশী অ-প্রশিক্ষিত তরুণদের উপযোগী ভাষা শিক্ষা কোর্স ডিজাইনের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, মাধ্যমিক শিক্ষা সম্পন্নকারী সকল বয়সের লোকদের জন্য কোর্সটি উন্মুক্ত করা, কোর্সে ব্যাকরণের পরিবর্তে তৃতীয় ভাষা শোনা ও বলাকে অগ্রাধিকার দেওয়া, তৃতীয় ভাষা পড়া ও লেখাকে সচল রাখা-সহ কর্মক্ষেত্রে শিষ্টাচার ও সাংস্কৃতিকভাবে সংবেদনশীল বিষয়বস্তু অন্তর্ভুক্ত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
২১/০৯/২০২৬
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়