অদ্য ২ আগস্ট ২০২৬ বিভাগের ৬৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়।
সকাল সাড়ে দশটায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়, র্যালিটি সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে কলাভবন প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন ও সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন এর সমাপনী ঘোষণার মাধ্যমে শেষ হয়।
এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
বিভাগ দিবস উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টায় সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে "রাজনীতি, ক্ষমতা ও সাংবাদিকতার আন্তঃসংশ্লেষ: তত্ত্ব, বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অনুষ্ঠানের মূখ্য আলোচক সম্পাদক পরিষদের সভাপতি ও দৈনিক নিউ এজ সম্পাদক নূরুল কবীর উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপার্সন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান । সভা সঞ্চালন করেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। অনুষ্ঠানে বিভাগের সম্মানিত শিক্ষক ও শিক্ষর্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগের সাবেক শিক্ষার্থী দেবাশীষের রবীন্দ্র সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্র সংগীতের পরপরই আলোচনা অনুষ্ঠানের পূর্বে বিভাগের বর্তমান দুই শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন।
বিকালে বিভাগে বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান করা হয়।